
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৫২৪ জনে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও এক হাজার ১৯৩ জনের মধ্যে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ৩ লাখ ৭৮ হাজার ২৬৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৯২ হাজার ৮৬০ জন।
শনিবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিলো ২৩ জনের। শনাক্ত হয়েছিলেন এক হাজার ২৭৮ জন।
গত শুক্রবার মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিলো ১৭ জনের। শনাক্ত হয়েছিলেন এক হাজার ২৭৮ জন।
রোববারের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ৯ হাজার ৫০৪টি নমুনা সংগ্রহ ও ৯ হাজার ৪৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১৯৩ জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৭০ হাজার ৯৯৫টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৬০ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ২৬ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।
মৃত ২৪ জনের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ৫ জন। হাসপাতালে ২৩ জন ও বাড়িতে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৪ হাজার ২৫৬ জন (৭৭ দশমিক ০৫ শতাংশ) ও নারী এক হাজার ২৬৮ জন (২২ দশমিক ৯৫ শতাংশ)।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব ৫ জন এবং ষাটোর্ধ্ব ১৭ জন।
একই সময়ে মৃতের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে দু'জন, খুলনায় দু'জন, সিলেট একজন, রংপুর একজন ও ময়মনসিংহে একজন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১০৬ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৬৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৮৩ হাজার ১৪৫ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৭০ হাজার ২৬২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৮৮৩ জন।
গত ০৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর।
করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।
৩১ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস চালু করা হয়। একই ভাবে শুরু হয় গণপরিবহন চলাচল। কিন্তু মাদ্রাসা বাদে শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে।
-এমএ