ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনায় নিউইয়র্কে ২ বাংলাদেশির মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২০, ৪:৩৪ পিএম আপডেট: ২৬.০৩.২০২০ ৬:৪১ পিএম
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনই পুরুষ। তাদের একজন এস্টোরিয়া এলাকার বাসিন্দা। ৬০ বছর বয়সের বেশি ওই ব্যক্তি বৃহস্পতিবার রাতে মারা যান। তার হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগ ছিল। তিনি কুইন্সের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আরেক ব্যক্তি কুইন্সের উডসাইডের বাসিন্দা। তার বয়স ৬০ বছরের কম। তিনিও বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যু হওয়া ওই ব্যক্তির পরিচিত একজন জানিয়েছেন, তার পরিবার জানাতে চান না যে তিনি করোনায় মারা গেছেন কারণ তাদের ভয় তাহলে তার স্বাভাবিক জানাজা সম্পন্ন হবে না।

এছাড়া ভার্জিনিয়া স্টেটেও এক বাংলাদেশি নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। করোনায় আক্রান্ত হয়ে এলমহার্স্ট হাসপাতালে আরও চার বাংলাদেশি ভর্তি আছে বলে জানা গেছে। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

এদিকে করোনাভাইরাস এখন নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে। অসংখ্য বাংলাদেশির এই ভাইরাসে আক্রান্ত হবার খবর লোকমুখে শোনা গেলেও ঠিক কতজন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন তার সঠিক পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না। এর কারণ হচ্ছে যারা আক্রান্ত হচ্ছেন তাদের পরিবার বিষয়টি লুকিয়ে রাখতে চাচ্ছেন। তারা জানতে দিচ্ছেন না যে তাদের পরিবারের কেউ করোনায় আক্রান্ত হয়েছেন।

আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে কোনও কোনও ব্যক্তির আক্রান্ত হবার খবর জানা যাচ্ছে। এমনভাবেই জানা গেছে যে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কুইন্সের বাঙ্গালি অধ্যুষিত উডসাইডে একটি পরিবারের চারজনকে স্বাস্থ্যকর্মীরা উঠিয়ে নিয়ে গেছে। উডসাইডে আরেক বাংলাদেশি নারীর দেহেও করোনার অস্তিত্ব পাওয়া গেছে। তার বয়স ৪২ বছর।

অন্যদিকে বাড়ি থেকে উঠিয়ে নেয়ার ঘটনা ঘটেছে কুইন্সের সাটফিনেও। এখানে একই পরিবারের তিনজনকে স্বাস্থ্যকর্মীরা উঠিয়ে নিয়ে গেছেন এবং আত্মীয়-স্বজনকে তাদের সঙ্গে আর যোগাযোগ করতে নিষেধ করে গেছে।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝