ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বড়দিনে বোমা হামলা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০, ১১:৫৬ এএম আপডেট: ২৬.১২.২০২০ ৩:২১ পিএম
যুক্তরাষ্ট্রে বড়দিনের উৎসবের মধ্যেই শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

স্থানীয় মেয়র বলছেন, এটি পরিকল্পিত বোমা হামলা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও প্রাণহানির বিষয়টি এখনও নিশ্চিত নয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শুক্রবার সকাল ৬টার দিকে টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভাইলে একটি মোটর হোম বা রিক্রিয়েশনাল ভেহিকলে (আরভি) বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এর প্রভাবে আশপাশের সবকিছু কেঁপে ওঠে। এ সময় পাশে থাকা ৩টি গাড়িতে আগুন ধরে যায়। বিস্ফোরণে টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটি’র ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে হতাহতের সংখ্যা অনেক বেশি হতে পারতো। কিন্তু একটি গাড়ি থেকে ‘বোমা বিস্ফোরণ হতে চলেছে’ এমন সতর্কবার্তা শুনে পুলিশ সদস্যরা আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেন।

ন্যাশভাইলের ভাইস মেয়র জিম শুলমান জানান, মোটর হোমটি বিস্ফোরিত হওয়ার আগে এটি থেকে নারী কণ্ঠে একটি সতর্কবার্তা আসছিল। সেটি শুনে সবাইকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু সতর্ক বার্তায় যে সময়ের কথা বলা হয়েছিল, তখন বিস্ফোরণ না হওয়ায় কয়েকজন ফিরে যাচ্ছিলেন। এমন সময়ই ঘটে প্রচণ্ড বিম্ফোরণ।

এতে অন্তত ৩ জন আহত হয়েছেন। তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। এছাড়া, আশপাশের অন্তত ৪১টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ন্যাশভাইলের পুলিশ প্রধান জন ড্রেক জানিয়েছেন, বিস্ফোরণ স্থলের পাশ থেকে ছিন্নভিন্ন মানবদেহের অংশ উদ্ধার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সেটি সত্যিই মানবদেহের অংশ কি না তা জানতে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

বিস্ফোরণের পর পরই আশপাশের এলাকায় কারফিউ জারি করেছেন মেয়র জন কুপার। এটি পরিকল্পিত বোমা হামলা ছিল বলে দাবি করেছেন তিনি।

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝