যশোরের বাঘারপাড়া উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত খালেদুর রহমান টিটো (২৪) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথীর কর্মী ছিলেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, বুধবার রাতে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) দিলু পাটোয়ারীর কর্মী-সমর্থকরা জোহরপুর ইউনিয়নের বেতালপাড়া বাজারে নৌকা প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয় টিটো।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে ঢাকায় রেফার করা হয়। আজ সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এখনও কোন মামলা না হলেও পুলিশ জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।
এদিকে, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান জানান, সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে।
নির্বাচন নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থায় দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।
-এসকে/এমএ