দেশে নতুন করে ৫ জনের মধ্যে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪-এ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নতুন করে ৫ জনের মধ্যে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে বর্তমানে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন, মারা গেছেন পাঁচজন। নতুন করে কোন মৃত্যু নেই।'
আইইডিসিআর পরিচালক বলেন, 'নতুন আক্রান্ত পাঁচজনই পুরুষ। এদের দু'জনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, দু'জন ৪০ থেকে ৫০ এর মধ্যে, একজন ষাটোর্ধ্ব। একজন বিদেশফেরত। তিনজন অন্য রোগীর সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। একজনের বিষয়ে এখনও অনুসন্ধান চলছে।'
তিনি বলেন, 'গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে কল এসেছে ৩৩২১টি। এর সব ক’টিই করোনা ভাইরাস সংক্রান্ত।'
ব্রিফিংয়ে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নাগরিকদের করণীয়ও তুলে ধরেন তিনি।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারিতে রূপ নিয়েছে।