স্বাস্থ্য, সুরক্ষা, সামরিক ক্ষেত্র, পানি, বিদুৎ সুরক্ষা কেন্দ্র ছাড়া সোমবার থেকে সকল সরকারি দপ্তরের কর্মস্থলে ১৬ দিনের জন্য উপস্থিতি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
রোববার রাতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সরকারের এই সিদ্ধান্তের কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা খাতে দূরশিক্ষণের মাধ্যমে চলবে শিক্ষা কার্যক্রম।
অবশ্য সৌদি টেলিকম কোম্পানীসহ বেশ কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান এরই মধ্যে দপ্তর পরিচালনায় প্রযুক্তিনির্ভর কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে আসছে। এতে করে তারা কর্মস্থলে উপস্থিত না হয়ে ঘরে বসে প্রযুক্তির সহায়তায় দৈনন্দিন দাপ্তরিক কাজ পরিচালনা করছে।
এদিকে, বিয়ের অনুষ্ঠানসহ সকল জনসমাবেশ স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকায় শপিং মল এবং এর ভেতর ও বাইরে বিনোদনমূলক, খেলাধুলার জায়গাগুলো অস্থায়ী ভাবে বন্ধ করার নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। খোলা থাকবে ঔষধ, খাবার দোকানসহ সুপার শপ।
সৌদি আরবে সকল রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, কফি হাউজ, শিষা ঘর এমন স্থানে বসে জমায়েত হয়ে খাওয়া যাবেনা।
রোববার রাতে অন্য একটি প্রেস ব্রিফিং এই সিদ্ধান্তের কথা জানায় সৌদি পৌর ও পল্লী বিষয়ক মন্ত্রণালয়।
জমায়েত হয়ে বসে খাবারের বিষয়ে নিষেধাজ্ঞা জারি হলেও পার্সেলের মাধ্যমে খাবার বিক্রি করতে পারবেন রেস্টুরেন্ট ও খাবারের দোকানদারারা। ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১শ ১৮ জন। সুস্থ হয়েছেন তিনজন। আক্রান্তের ঝুঁকিতে আছেন আরও অনেকে। এমতাবস্থায় করোনা ভাইরাস ছড়ানোর ঝুঁকি এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইতিপূর্বেই সৌদি আরবে বাইরের দেশগুলো থেকে যেকোন ভিসায় প্রবেশে নিষেধাজ্ঞা এবং দুই সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে আর্ন্তজাতিক সকল ফ্লাইট। করোনা ভাইরাসের সংক্রমণ থামাতে সাময়িক ভাবে বন্ধ করে দেয়া হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদে নববী ভ্রমণ, ওমরাহ।
এছাড়াও নিষিদ্ধ করা হয়েছে যেকোন সভা, সমাবেশ ও জমায়েত। এমনকি কমিউনিটি সেন্টারেও কোন প্রকার অনুষ্ঠান করা যাবে না।
অন্যদিকে, সৌদি ইমিগ্রশন কতৃপক্ষ জানায়, সৌদি আরবের আকামধারী যারা নিজ দেশে ছুটিতে রয়েছেন, তাদের ছুটির মেয়াদ শেষ হলেও কপিল, মোয়াসসাসা, কোম্পানীর আবশির বা ইমিগ্রেশন অফিসের মাধ্যমে ছুটি নবায়ন করতে পারবেন।
-এসসি/এমএ