গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা এক ইতালি প্রবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান এ তথ্য জানান।
এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ১১ জন করোনা রোগী শনাক্ত হলো।
গাজীপুরের সিভিল সার্জন বলেন, 'গত ১৪ মার্চ ৪৪ জন ইতালি ফেরতকে মহানগরীর মেঘডুবি এলাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্র হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়। এদের ১৫ মার্চ চারজন ও ১৬ মার্চ চারজনকে করোনা আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানো হয়। ওই ৮ জনের মধ্যে একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
তিনি বলেন, 'গাজীপুরের ওই কোয়ারেন্টাইনে এখনও ৩৬ ইতালি প্রবাসী রয়েছেন। এছাড়া পুরো গাজীপুর জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ১৮ জন।'
মঙ্গলবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশে করোনা ভাইরাসে মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ জন, এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন।