দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। নতুন আক্রান্ত হয়েছেন ৬ জন। এদের মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অ্যাপসের মাধ্যমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩-এ।
আইইডিসিআর পরিচালক বলেন, 'দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩। মৃত্যু হয়েছে ৩ জনের।'
তিনি বলেন, 'খুব প্রয়োজন ছাড়া কেউ বের হবেন না। গত ২৪ ঘণ্টায় ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষা করা হয়েছে ৬২০ জনের।'
ফ্লোরা বলেন, 'করোনা নিশ্চিত এবং সন্দেহজনকভাবে আইসোলেশনে রাখা হয়েছে ৫১ জনকে। এছাড়া বিভিন্ন জায়গায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন আরও ৪৬ জন।'
গত ১৮ মার্চ (বুধবার) প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম এক বৃদ্ধের মৃত্যুর খবর দেয় আইইডিসিআর। এরপর গত শনিবার (২১ মার্চ) মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে জরুরি সংবাদ সম্মেলনে আরেকজনের মৃত্যুর খবর দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।