দেশে নতুন করে আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার বেলা ১২টা ২০ মিনিটে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস মিলনায়তনে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আইইডিসিআর পরিচালক বলেন, 'এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও চারজন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৯ জন।'
তিনি বলেন, 'গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর এর হটলাইনে কল এসেছে ৪৭২৫টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫৩ জনের। মোট নমুনা ১৩৩৮।'
মীরজাদী সেব্রিনা বলেন, 'গত দু’দিন দেশে কেউ আক্রান্ত না হওয়ায় অনেকে মনে করেছেন বাংলাদেশ ঝুঁকিমুক্ত। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই। আমাদের প্রতিরোধ চালু রাখতে হবে। সাধারণ জনগণের প্রতি আবেদন আপনারা ঘরে থাকুন, আপনারা বের হবেন না। ঘরে থাকাটা অত্যন্ত জরুরি। সরকার যেসব নির্দেশনা দিয়েছে সে আপনাদের ভালোর জন্য দিয়েছে। নিতান্ত বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।'
এ সময় আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরে এমআইএস বিভাগের পরিচালক মো. হাবিবুর রহমান।