ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
মুগদা হাসপাতালে টেলিমেডিসিন সেবা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২০, ১২:২৮ পিএম আপডেট: ৩০.০৩.২০২০ ১২:৩১ পিএম
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে শুরু হওয়া এ পদ্ধতিতে ২৪ ঘণ্টাই যেকোন ব্যক্তি চিকিৎসা সেবা নিতে পারবেন।

জানা যায়, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ৪২৯ নম্বর কক্ষটি টেলিমেডিসিন কক্ষ হিসেবে ব্যবহার করছেন চিকিৎসকরা। হাসপাতালের তিনটি স্মার্টফোন রয়েছে। এই স্মার্টফোনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

মুগদা টেলিমেডিসিনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, প্রতিদিন ১৫ থেকে ২০টি কল পাচ্ছেন তাঁরা। বিভিন্ন বয়সী মানুষ তাদের ফোন দিচ্ছেন। তবে সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত ব্যক্তিদের কাছ থেকে সবচেয়ে বেশি ফোন আসছে। যারা ফোন করছেন, তাদের ফোন নম্বর, ঠিকানা হাসপাতালের রেজিস্ট্রি খাতায় নিবন্ধিত করা হচ্ছে।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার রোকসানা আক্তার বলেন, ‘এখন লকডাউন, হোম কোয়ারেন্টাইন শুরু হয়েছে। যারা সর্দি, জ্বর, কাশিতে আক্রান্ত হচ্ছেন, তাদের আমরা টেলিমেডিসিন পদ্ধতিতে সেবা দিচ্ছি। জ্বর ছাড়াও অন্য রোগীরাও আমাদের ফোন করছেন। প্রতিদিন অনেক ফোন কল পাচ্ছি। জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ব্যক্তিদের আমরা ওষুধের নাম বলে দিচ্ছি, টেক্সটও করছি। আর যারা ফোন করছেন, তারা যদি খিলগাঁও, মুগদা এলাকার বাসিন্দা হন, তাদের ওষুধেরও ব্যবস্থা করা হচ্ছে।’

টেলিমেডিসিনের মাধ্যমে সেবার বিষয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার সুশান্ত বিশ্বাস বলেন, ‘আমাদের হাসপাতালের টেলিমেডিসিন বিভাগে সব ধরনের রোগীই সেবা পাচ্ছেন। এই বিভাগ ২৪ ঘণ্টাই খোলা থাকে। চিকিৎসক উপস্থিত থাকেন সব সময়। রোগীর কাছ থেকে ফোন পাওয়ার পর আমরা প্রথমে নম্বরটা খাতায় লিপিবদ্ধ করি। এরপর আমরাই আবার ওই রোগীর মোবাইল ফোন নম্বরে ফোন দিই। আমরা মনোযোগসহ রোগীর সব কথা শুনছি। তারপর ওই রোগীকে যে ওষুধ খেতে হবে, তা জানিয়ে দিচ্ছি। আর ওই রোগীর মোবাইল ফোনে টেক্সট করেও ওষুধের নাম লিখে পাঠিয়ে দিচ্ছি।’

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শহীদ মো. সাদিকুল ইসলাম জানান, ‘করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঢাকাসহ দেশের মানুষ এখন ঘরে অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে ২৬ মার্চ থেকে আমাদের হাসপাতাল টেলিমেডিসিন ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছে। আমরা ভালো সাড়া পাচ্ছি। ২৪ ঘণ্টা যেকোন মানুষ এই সেবা নিতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আমাদের হাসপাতাল থেকে দু'জন রোগীর নমুনা আইইডিসিআরে পাঠানো হয়। তবে কারও ক্ষেত্রে করোনা ভাইরাস পজিটিভ আসেনি। দেশের এই ক্রান্তিকালে যদি প্রয়োজন হয়, তাহলে আমাদের হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া সম্ভব হবে। সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে।’

হাসপাতালের পরিচালক বলেন, ‘জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত যেকোন ব্যক্তি আতঙ্কিত না হয়ে আমাদের টেলিমেডিসিন বিভাগে ফোন দিন বা আমাদের হাসপাতালে আসুন। আমাদের হাসপাতাল থেকে কোন রোগীকে ফিরে যেতে হয় না। সর্বোচ্চ সেবাটাই পাবেন। করেনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হোন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিয়মিত হাত পরিষ্কার করুন।’

টেলিমেডিসিনের পাশাপাশি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত ব্যক্তিরা বহির্বিভাগেও চিকিৎসা পাচ্ছেন। হাসপাতালটির সামনে প্যান্ডেল বানানো হয়েছে। সেখানে রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছেন।

হাসপাতালের টেলিমেডিসিন বিভাগের ফোন নম্বর: ০১৮৪৪৬৬৫৫৮৫, ০১৮৪৪৬৬৫৩৩৬, ০১৮৪৪৬৬৫৩৩৭।

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝