করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৮৩ জনে।
মঙ্গলবার করোনা বিষয়ক নিয়মিত বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে ৩ হাজার ২৮৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ৮ হাজার ৫৭১ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৭৮৩ জন। মোট সুস্থ হয়েছেন ৭৬ হাজার ৩৩৯ জন।
রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনসুলেটের তথ্য অনুযায়ী, ২৬৪ জন বাংলাদেশি করোনায় মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে জেদ্দা অঞ্চলে ১৬৪ ও রিয়াদ অঞ্চলে একশ জন। চিকিৎসাধীন রয়েছেন প্রায় ১১ হাজার।
করোনার সংক্রমণ ঠেকাতে গত ৫ জুন হজ্ব ও ওমরাহ পালনের জন্য মক্কায় যাওয়ার প্রবেশপথ বন্দরনগরী জেদ্দায় নতুন করে লকডাউন ঘোষণা করে সৌদি আরব। লকডাউনের পাশাপাশি বিকেল ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউও থাকবে। সেখানে মসজিদগুলোতে নামাজ স্থগিত করা রয়েছে। এছাড়া সব সরকারি ও বেসরকারি কর্মজীবীদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশটির অন্য শহরগুলোতে নামাজের জন্য মসজিদ খোলা রয়েছে।
ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, করোনা আক্রান্ত শনাক্ত হওয়ায় এ সকল অঞ্চলে ৭১টি মসজিদ বন্ধ করা হয়েছে। মুসল্লীদের সংক্রমণ থেকে বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ।
একটি সূত্র জানায়, এ বছর সীমিত পরিসরে হজ্ব আয়োজনের পরিকল্পনা সৌদি আরব। আগ্রহীদের বাড়তি স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। সে পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল অনুমতি মিলবে। তবে বয়স্কদের জন্য এবার হজ্ব পালনের সুযোগ থাকছে না।