প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ২৯ হাজারের বেশি মানুষের।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।
ওয়েবসাইটের তথ্যমতে, করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৯০ হাজার ১১৮ জন। প্রাণ হারিয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৭৩৫ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২০ লাখ ২৪ হাজার ২৮৬ জন।
চীনের বাইরে করোনা ভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
মৃতের দিক থেকে সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই তা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে।