টাঙ্গাইল শহরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
নিহত শাহ আলম টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা আমিন বাজার এলাকার মৃত আব্দুস সামাদ মিয়ার ছেলে। তিনি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সদস্য ছিলেন।
মৃত ওই ব্যক্তি বেশ কয়েক দিন যাবৎ জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
স্থানীয়রা জানান, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টের কারণে ওই ব্যক্তিকে বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ঢাকা নেওয়ার পথে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট সুজাউদ্দিন তালুকদার জানান, রোগীর স্বজনরা তাকে জানিয়েছেন, আগে থেকেই ওই ব্যক্তির অ্যাজমা সমস্যা ছিল। গত কয়েকদিন যাবৎ তিনি জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। টাঙ্গাইলে যেহেতু আইসিইউ সুবিধা নেই তাই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম জানান, ওই ব্যক্তির করোনা ভাইরাসের উপসর্গ ছিল। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে। আর মরদেহ বিশেষ ব্যবস্থায় দাফনের উদ্যোগ নেওয়া হয়েছে।
-এমএ