মৌলভীবাজারের রাজনগরের টেংরা ইউনিয়নে জ্বর ও শ্বাসকষ্ট উপসর্গে মৃত ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৌলভীবাজারের সিভিল সার্জন করোনাভাইরাস শনাক্তের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে স্থানীয় প্রশাসন রোববার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে ওই মৃত ব্যক্তির আকুয়া গ্রাম ও আশপাশের কয়েকটা গ্রামের কিছু অংশকে লকডাউন ঘোষণা করেছে।
সিভিল সার্জন ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত শনিবার (৪ এপ্রিল) সকালে ওই ব্যক্তি (৪৫) জ্বর-শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে মারা যান। স্বাস্থ্য বিভাগ করোনাভাইরাস সন্দেহে তাঁর নমুনা সংগ্রহ করে রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরে প্রেরণ করে। তাঁর পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রদান করে। এদিকে মৃত ব্যক্তির নমুনা পরীক্ষায় তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই রোববার রাত নয়টার দিকে স্থানীয় প্রশাসন মৃত বক্তির গ্রাম আকুয়া ও আশপাশের চারপাঁচটা গ্রামের কিছু অংশ লক ডাউন করেছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকে গ্রামের লোকজনকে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। এলাকার বাজারে ওই ব্যক্তির একটি মুদি দোকান ছিল। বেশ আগে থেকেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। মাঝেমধ্যে তাঁর অসুস্থতা বেড়ে যেত। মৃত্যুর দুদিন আগে থেকে আবারও তিনি অসুস্থ হয়ে পড়েন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম রোববার রাতে বলেন, ‘আকুয়া ও আশপাশের আরো চারপাঁচটি গ্রামের কিছু অংশ লক ডাউনের মাইকিং করা হয়েছে। আগামীকাল (আজ সোমবার) বাকি ব্যবস্থা নেওয়া হবে।’
সিভিল সার্জন চিকিৎসক তওহীদ আহমদ মৃত ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে রোববার রাতে বলেন, ‘মৃত বক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে তাঁর স্ত্রীর নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েনি। আমরা ওই মৃত ব্যক্তির এলাকার আশপাশের আরও কয়েকজনের নমুনা পরীক্ষা করব। এলাকায় প্রবাসী আছেন।’
একেডি/এইচএস