বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় এ এস এম নাজমুস সাদাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুরের বিরামপুর থানার কাটলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার এ এস এম নাজমুস সাদাত বুয়েটের যন্ত্র কৌশল বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী।
এ নিয়ে আবরার হত্যা মামলায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে নাজমুস সাদাত পলাতক ছিলেন। গ্রেফতার এড়ানোর জন্য তিনি দিনাজপুরের হিলি বর্ডার দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন।
এদিকে, আবরার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ওয়াহিদুজ্জামান বলেন, ‘গ্রেফতারকৃত এজাহারনামীয় মো. আকাশ হোসেনকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।’
গত ০৬ অক্টোবর (রোববার) মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবরারকে শের-ই-বাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। পরদিন সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ১৯ জনকে আসামি করে সোমবার সন্ধ্যার পর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন নিহত আবরারের বাবা বরকত উল্লাহ্।
-এমএ