বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তিসহ ১০ দফা দাবিতে সড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১২টার দিকে বকশিবাজার থেকে পলাশী মোড় পর্যন্ত সড়কের দুই পাশে বেরিকেড দিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, বুয়েটের ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলামকে দুপুর ২টায় ক্যাম্পাসে হাজির হওয়ার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এ সময় ভিসি বিরোধী ও আবরার হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
গত রোববার (০৬ অক্টোবর) মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবরারকে শের-ই-বাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। পরদিন সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।