
সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সুপ্রিমকোর্টের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান জানিয়েছেন, মাহমুদুল আমিন চৌধুরী রোববার সন্ধ্যা সাড়ে ৫টায় ধানমন্ডির নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আগামীকাল সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ সিলেটে নিয়ে যাওয়া হবে। এদিন বাদ এশা সিলেট হজরত শাহজালাল (রা.)-এর মাজারে তাকে দাফন করা হবে।
সাবেক এই বিচারপতির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক।
বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী ১৯৩৭ সালে ১৮ জুন জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের একাদশ প্রধান বিচারপতি ছিলেন। ১৯৮৭ থেকে ২০০২ পর্যন্ত দীর্ঘ কাল তিনি বাংলাদেশের উচ্চ আদলতে বিচারকের দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ের অভিযোগ শুনানির জন্য যে ডিসিপ্লিনারি প্যানেল গঠন করা হয়েছিল, সে প্যানেলের সভাপতি ছিলেন সাবেক এই প্রধান বিচারপতি।
বিচারপতি মাহমুদুল সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হতে মেট্রিকুলেশন এবং এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রী লাভের পর ঢাকা সিটি ল’কলেজ হতে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তারও আগে তিনি ১৯৬৩ থেকে ১৯৮৭ পর্যন্ত আইনপেশায় নিযুক্ত ছিলেন।
২০০১ সালের ২৮ ফেব্রুয়ারি তারিখে বিচারপতি লতিফুর রহমানের অবসর গ্রহণের প্রেক্ষিতে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের ১১-তম প্রধান বিচারপতি হিসাবে মাহমুদুল আমিন চৌধুরীকে নিয়োগ প্রদান করেন এবং তিনি ২০০১ সালের ১ মার্চ তারিখে প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন ও ২০০২ সালের ১৭ জুন তারিখে ৬৫ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন।
এইচএস