ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বুয়েটের সব ভবনে তালা দেওয়ার হুশিয়ারী
চতুর্থ দিনের আন্দোলনে শিক্ষার্থীরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯, ১২:২১ পিএম আপডেট: ১১.১০.২০১৯ ৬:১১ পিএম
শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম শুক্রবারের (১১ অক্টোবর) মধ্যে কথা না বললে বুয়েটের সব ভবনে তালা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চতুর্থ দিনের মতো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে কথা না বললে ভর্তি পরীক্ষাসহ বুয়েটের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

শিক্ষার্থীরা বলেন, আমরা আশা করছি একাডেমিক কাউন্সিল ভর্তি পরীক্ষার বিষয়ে একটি অফিসিয়াল স্টেটমেন্ট দেবে। কারণ আমরা চাই না দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা কোনো ধরনের সমস্যায় পড়ুক। 

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, শিক্ষার্থীদের ১০ দফা দাবি বিষয়ে প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো কিছু অবহিত করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। 

বিক্ষোভ মিছিলে ১০ দফা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বুয়েটে হবে না’, ‘জবাব চাই দিতে হবে’, ‘আমার ভাইকে মারলো কেন’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই, প্রশাসনের কালো হাত ভেঙে দাও’, ‘আবরারের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে বুধবার সন্ধ্যা ৭টার দিকে শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করেন শিক্ষার্থীরা। এ সময় দুই শতাধিক শিক্ষার্থী হাতে মোম জ্বালিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। পরে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন।

গত রোববার (০৬ অক্টোবর) মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবরারকে শের-ই-বাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। পরদিন সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১৯ জনকে আসামি করে সোমবার সন্ধ্যার পর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন নিহত আবরারের বাবা বরকত উল্লাহ্। এ ঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

-এমএ



Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝