বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার পর তাকে রাজধানীর সবুজবাগ থেকে আটক করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, রাজধানীর সবুজবাগ থানাধীন রাজারবাগ কালীবাড়ি এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে অমিত সাহাকে আটক করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ফাহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।
ফাহাদকে যে কক্ষে খুন করা হয় সেই ২০১১ কক্ষের বাসিন্দা অমিত। হত্যাকাণ্ডের আগে ১৭তম ব্যাচের (ফাহাদের সহপাঠী) এক শিক্ষার্থীকে অমিত সাহা মেসেঞ্জারে জিজ্ঞেস করেন, আবরার ফাহাদ কি হলে আছে?
এ ধরনের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ১৭তম ব্যাচের ওই শিক্ষার্থী নিজের পরিচয় প্রকাশ করতে না চাওয়ায় তারই এক সিনিয়র এ বিষয়টি ফেসবুকে প্রকাশ করেন।
আলোচিত এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত মামলায় নাম থাকা ১৯ জনের মধ্যে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের পর সবচেয়ে আলোচিত নাম ছিল অমিত সাহা। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মামলায় তার নাম রাখা হয়নি। এরপর অমিত সাহার নানা কুকীর্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সরব হয়ে ওঠে। ফাহাদ হত্যাকাণ্ডে যে তার সম্পৃক্ততা রয়েছে তার প্রমাণ মেলে মেসেঞ্জার অ্যাক্টিভিটিতে।
গত রোববার (০৬ অক্টোবর) মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবরারকে শের-ই-বাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। পরদিন সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।