বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি মাজেদুল ইসলামকে সিলেট থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ।
শুক্রবার ভোর ৪টায় সিলেটের শাহ কিরন এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-দক্ষিণ বিভাগের ধানমন্ডি জোনাল টিম।
গ্রেফতার মো. মাজেদুল ইসলাম (২১) বুয়েটের এমএমই বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'এ নিয়ে মোট এ মামলায় ১৭ জনকে গ্রেফতার করা হল। তাদের মধ্যে ১৩ জন মামলার এজাহারভুক্ত আসামি।'
চারজনের নাম মামলার এজাহারে না থাকলেও হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে।
গত রোববার (০৬ অক্টোবর) মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবরারকে শের-ই-বাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। পরদিন সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ১৯ জনকে আসামি করে সোমবার সন্ধ্যার পর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন নিহত আবরারের বাবা বরকত উল্লাহ্।
কেন্দ্রীয় ছাত্রলীগ সাংগঠনিক তদন্তের ভিত্তিতে আগের রাতেই বুয়েট ছাত্রলীগের ১১ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করার কথা জানায়।
এদিকে আবরারের খুনিদের সর্বোচ্চ শাস্তিসহ দশ দফা দাবিতে পাঁচ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে বুয়েটের শিক্ষার্থীরা।
দাবি না মানলে বুয়েটের সব ভবনে তালা মেরে দেওয়ার হুমকির পর আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শুক্রবার বিকেলে বসছেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।
বিকেল ৫টায় শিক্ষার্থীদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে উপাচার্যের ব্যক্তিগত সচিব কামরুল হাসান জানিয়েছেন।