
বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যার বিচার বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, "আররার হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক, তারা যে সংগঠনের হোক না কেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।"
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীতে নবনির্মিত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আনিসুল হক আরও বলেন, সকল আদালত ভবনকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ক্যামেরাগুলো মনিটরিং করা হবে।
মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী ন্যায় বিচার প্রতিষ্ঠায় সব সময় আন্তরিক। তার ধারাবাহিকতা সারা বাংলাদেশ চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের উদ্যোগ নেয় সরকার। এর ফলে এ অঞ্চলের মানুষের মামলাগুলো আরো দ্রুত নিস্পত্তি হয়।
এর আগে মন্ত্রী আদালত ভবনের সামনে ফিতা কেটে পায়রা ও বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে নোয়াখালী জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা খানম, আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, চট্রগাম গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দীন আহাম্মদ, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আনাম সেলিম, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. বশীর আহমেদ প্রমুখ।
এমআর/এসআর