
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টতা পেলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম বলেন, এক্ষেত্রে এজাহারে নাম আছে কিনা তা আমরা দেখবো না। সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে মামলার কাজ শেষ করে আমরা আদালতে অভিযোগপত্র জমা দিব।
শুক্রবার (১১ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আবরার ফাহাদ হত্যার সঙ্গে জড়িত এজাহারভুক্ত মাজেদুল ইসলাম নামের এক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে বলেই তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এক আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি এখনো আমরা পাইনি। কপি পেলে আমরা সিদ্ধান্ত নেবো যে কতটুকু শেয়ার করতে পারবো।
শুধুমাত্র একজনের ১৬৪ ধারায় জবানবন্দি পেলে আর বাকিদের না পাওয়া গেলে তারমধ্যে কতটুকু প্রকাশ করা যাবে তা নিয়ে আইনি বিধিনিষেধ রয়েছে বলেও জানান তিনি।
এইচএস