দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৬০০ ছাড়াল।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০১ জনে।
বুধবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২ জুন) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি; তবে হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৫১১ জন। ফলে নিশ্চিত ও সন্দেহভাজন হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০১ জনে।
এছাড়া, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯১ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৫৭২ জন। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১৫৮ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ হাজার ৯৪২ জন।
আরএন