নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের দলপা (কান্দাপাড়া) গ্রামে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মিলন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৩ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া উপজেলার দলপা গ্রামের আমজুদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য কিছু পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মিলন মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তি ও তার মাকে আটক করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয়।
খবর পেয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মা-ছেলেকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এইচকে/আরএন