জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র গরমে হিটস্ট্রোকে বালি বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত ইমান আলী প্রামাণিকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশে খড় শুকানোর কাজ করছিলেন বালি বেগম। এ সময় প্রচণ্ড গরমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মেহেজাবীন রশীদ তিন্নী বলেন, হাসপাতালে আনার আগেই বালি বেগমের মৃত্যু হয়েছে।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, হিটস্ট্রোকে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই তীব্র গরমে সবাইকে সচেতন থাকতে হবে এবং হিটস্ট্রোক এড়াতে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলতে হবে।
এলএইচ/আরএন