সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত ফাঁড়িতে (বিওপি) এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে বিওপির টাওয়ার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিজিবি সদস্যের নাম জামিল আহমেদ শিষ (২০)। তিনি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীন মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরের কোনো একসময় বিওপির টাওয়ারে জামিল আহমেদ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে জানতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হককে মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।
-টিএস