নড়াইলে অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে জাহানারা বেগম (৫৫) ও আকবর হোসেন (৩২) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল-কালনা মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত জাহানারা বেগমের বাড়ি যশোরের মাহিদিয়া গ্রামে। অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেন লক্ষ্মীপুর জেলার পূর্ব চককলাপোতা গ্রামের আব্দুল হাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা থেকে যশোরের মাহিদিয়া গ্রামের জাহানারা বেগম তার স্বামী ইসমাইল হোসেনের মরদেহ অ্যাম্বুলেন্সযোগে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে নড়াইল-কালনা মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় পৌঁছালে কালনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই জাহানারা বেগম নিহত হন। আহত পাঁচজনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডিবি/আরএন