২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর অপেক্ষা যতই কমছে, ততই বাড়ছে সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী দলগুলো নিয়ে আলোচনা। এবার সেই আলোচনায় নিজের মতামত জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলের এই তারকা ফুটবলারের মতে, সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স না থাকলেও ব্রাজিল বিশ্বকাপ জয়ের অন্যতম শক্তিশালী দাবিদার।
মেসি মনে করেন, ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি তাদের সমৃদ্ধ ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড। দলে থাকা অসংখ্য প্রতিভাবান ফুটবলার যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। বিশ্বকাপের মতো দীর্ঘ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে এই গভীরতাই দলটির বড় সম্পদ হয়ে উঠতে পারে।
ব্রাজিলের পাশাপাশি ফ্রান্স, স্পেন ও পর্তুগালকেও শিরোপার লড়াইয়ে এগিয়ে রাখছেন আর্জেন্টাইন অধিনায়ক। তার মতে, এই দলগুলো আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকতা বজায় রেখেছে এবং বড় আসরে সাফল্য পাওয়ার মতো সামর্থ্য তাদের রয়েছে।
ব্রাজিলের নতুন প্রধান কোচ কার্লো আনচেলত্তির ভূয়সী প্রশংসাও করেছেন মেসি। তিনি মনে করেন, অভিজ্ঞ ইতালিয়ান কোচের অধীনে সেলেসাওরা আরও সুসংগঠিত ও প্রতিযোগিতামূলক দল হিসেবে গড়ে উঠবে। ফলে বিশ্বকাপে ব্রাজিলকে অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখছেন তিনি।
তবে শিরোপাধারী আর্জেন্টিনার জন্যও সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে স্বীকার করেছেন মেসি। তার ভাষ্য, দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বর্তমানে চোট ও ফিটনেস সমস্যায় ভুগছেন। এরপরও দলের অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা এবং সাম্প্রতিক সাফল্যের স্মৃতি তাদের আত্মবিশ্বাস জোগাবে।
মেসির মতে, উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এই আসরে যেকোনো দল চমক দেখাতে পারে, তাই কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
সবকিছু বিবেচনায় নিয়ে মেসির মূল্যায়ন, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামলেও ব্রাজিল এখনো বিশ্ব ফুটবলের সবচেয়ে শক্তিশালী ও সম্ভাবনাময় দলগুলোর একটি। তাই আসন্ন বিশ্বকাপে সেলেসাওদের পারফরম্যান্সের দিকে বিশেষ নজর থাকবে ফুটবল বিশ্বের।
এসআর