সারাদেশে ৭–৮টি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি প্রি-হাসপাতাল ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস আইন শিগগিরই জাতীয় সংসদে পাস করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
তিনি বলেন, অনেক রোগী এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিতে গিয়ে মৃত্যুর মুখে পড়েন—এই পরিস্থিতির অবসান ঘটাতে সরকার কাজ করছে। তিনি জানান, স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জবাসীর কল্যাণে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমানে স্বাস্থ্যখাতে জিডিপির বরাদ্দ ০.৬৭ শতাংশ থেকে বাড়িয়ে আগামী অর্থবছরে ১.০৩ শতাংশের বেশি করা হবে। একই সঙ্গে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য খাতে বড় অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে পিজি হাসপাতালের পাশে একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল আগামী ২–৩ মাসের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে। এছাড়া চীনের সহযোগিতায় নীলফামারীতে ১,০০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা চলছে।
নারায়ণগঞ্জেও একটি স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে আরও বলা হয়, নারায়ণগঞ্জে “টিম খোরশেদ” একটি স্বল্প খরচের অ্যাম্বুলেন্স মডেল তৈরি করেছে, যা সরকারের ভবিষ্যৎ পরিকল্পনায় রোল মডেল হিসেবে বিবেচিত হতে পারে।
টিম খোরশেদের প্রধান সমন্বয়কারী ও নাসিকের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি মোর্শেদে সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সহ আরও অনেকে।
এমএস/আরএন