ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পদত্যাগ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৫:৫৮ পিএম
X
Advertisement

প্রায় সাড়ে সাত বছর দায়িত্ব পালনের পর কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তিনি কলকাতা পৌরসভার চেয়ারম্যান মালা রায়ের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

২০১৮ সালের ৩ ডিসেম্বর কলকাতার মেয়রের দায়িত্ব গ্রহণ করেন কলকাতা বন্দরের তৃণমূল কংগ্রেস বিধায়ক ও রাজ্যের সাবেক মন্ত্রী ফিরহাদ হাকিম। মেয়র হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার প্রায় ছয় মাস আগেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।

ফিরহাদ হাকিম দীর্ঘদিন ধরে কলকাতা পৌরসভার ৮২ নম্বর ওয়ার্ডের প্রতিনিধিত্ব করে আসছেন। ২০০০, ২০০৫ ও ২০১০ সালে তিনি ওই ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন।

২০১৮ সালে শোভন চট্টোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হয়ে কলকাতার মেয়র হওয়ার পর ৮২ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত উপনির্বাচনে জয়ী হন ফিরহাদ। পরে ২০২১ সালের পৌর নির্বাচনেও একই ওয়ার্ড থেকে পুনর্নির্বাচিত হন তিনি।

রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, তাঁর পদত্যাগের মধ্য দিয়ে কলকাতা পৌরসভার লালবাড়িতে তৃণমূল শাসনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

গত কয়েক দিন ধরেই ফিরহাদ হাকিমের পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন চলছিল। বুধবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ দাবি করেন, দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরহাদের এ বিষয়ে আলোচনা হয়েছে। কুণালের ভাষ্য, ফিরহাদ একাধিকবার মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং দলনেত্রী তাতে সম্মতি দিয়েছেন।

তবে ওই মন্তব্যের কিছুক্ষণ পরই ফিরহাদ হাকিম জানান, পদত্যাগের বিষয়ে তিনি তখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। শেষ পর্যন্ত শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটান তিনি।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement