ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:৪৮ পিএম
X

ডেঙ্গু প্রতিরোধে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সারাদেশে মোবাইল টিম ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

তিনি বলেছেন, কোনো বাসাবাড়ি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা অফিস-আদালতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জরিমানা করা হবে।

শনিবার সকালে রবীন্দ্র সরোবর-এ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জেলা ও বিভাগীয় প্রশাসকদের সঙ্গে ইতোমধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। তিনি বলেন, “আগামী দুই-তিন দিনের মধ্যে সারাদেশে মোবাইল টিম মাঠে নামবে। তবে শুরুতেই আমরা কঠোর আইন প্রয়োগে যেতে চাই না; বরং জনগণকে সচেতন করে তুলতেই বেশি গুরুত্ব দিচ্ছি।”

ঢাকার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রাজধানীর ২৮টি ওয়ার্ডে ইতোমধ্যে এডিস মশার লার্ভা শনাক্ত হয়েছে। লার্ভা থেকে পূর্ণাঙ্গ মশা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে পড়বে। তাই মশা নিধনের চেয়ে এর উৎসস্থল ধ্বংস করাই সবচেয়ে কার্যকর উপায় বলে মন্তব্য করেন তিনি।

এ সময় সিটি করপোরেশনগুলোর প্রতি নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শহরজুড়ে ব্যাপক মাইকিং করতে হবে এবং নিয়মিত মোবাইল টিম নিয়ে ওয়ার্ড ও বাড়ি পর্যায়ে তল্লাশি চালাতে হবে। যেসব বাড়িতে লার্ভা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীলদেরও সতর্ক করে দিয়ে সাখাওয়াত হোসেন বকুল বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত এবং অন্যান্য স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো সরকারি প্রতিষ্ঠানে মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে ব্যক্তিগতভাবে বড় অঙ্কের জরিমানা করা হবে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে।

তিনি দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ-বাগান, ড্রেন ও টয়লেট পরিষ্কার রাখার আহ্বান জানান, যাতে কোথাও পানি জমে এডিস মশার বংশবিস্তারের সুযোগ না পায়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব মো. কামরুজামান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ স্বাস্থ্য বিভাগ ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝