জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিডিআরআইএস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণের কারণে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।
রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধনের ১৯ অক্টোবরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ অক্টোবর সকাল ৬টা থেকে সফটওয়্যার রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। এ সময়ের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। ফলে নির্ধারিত সময় পর্যন্ত সংশ্লিষ্ট সেবা গ্রহণে সাময়িক অসুবিধায় পড়তে পারেন সেবাপ্রার্থীরা।
কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি জানিয়ে সিটি করপোরেশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এবং দেশের সব নিবন্ধন কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
সফটওয়্যার রক্ষণাবেক্ষণ শেষ হওয়ার নির্ধারিত সময় ২৫ অক্টোবর সকাল ৬টা। এরপর নিবন্ধন কার্যক্রম পুনরায় চালুর কথা রয়েছে।
এফএস