ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলাদেশের দুর্গাপূজার পরিবেশের প্রশংসা করছেন ভারতীয় পর্যটকেরাও: রিজভী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:১৬ পিএম
X
Advertisement

ভারত থেকে বাংলাদেশে দুর্গাপূজা দেখতে আসা পর্যটকেরাও এ দেশের পূজার পরিবেশের প্রশংসা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ভারত থেকে অনেক পর্যটক বাংলাদেশে দুর্গাপূজা দেখতে এসেছেন। তাঁদের বিভিন্ন ভিডিও ক্লিপে বাংলাদেশের পূজার পরিবেশ নিয়ে ইতিবাচক মন্তব্য করতে দেখা যাচ্ছে। তাঁদের অনেকে বলছেন, ভারতে পূজা উদযাপনের তুলনায় বাংলাদেশে আরও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রতিবছর বাংলাদেশে আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়। হিন্দু সম্প্রদায়ের মানুষ এই উৎসবের আয়োজন করলেও এর আনন্দ ও উৎসবের আবহ ছড়িয়ে পড়ে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে। এ কারণেই বলা হয়, ‘ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার।’

নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, বগুড়ার মালতিনগরে তাঁদের বাড়ির সামনে দুর্গাপূজা উপলক্ষে বিশাল মেলা বসত। সারা বছর তাঁরা সেই মেলার অপেক্ষায় থাকতেন। মেলা থেকে খেলনা পিস্তল, বেলুনসহ নানা ধরনের খেলনা কেনার আনন্দ ছিল অন্য রকম। এভাবেই একটি সম্প্রদায়ের উৎসব অন্য সম্প্রদায়ের মানুষের মধ্যেও আনন্দ ছড়িয়ে দেয়। উৎসবের এই সর্বজনীনতা যুগ যুগ ধরে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

বিএনপিকে সাম্প্রদায়িক দল হিসেবে চিত্রিত করার চেষ্টার সমালোচনা করে রিজভী বলেন, অতীতেও বিএনপি রাষ্ট্রক্ষমতায় ছিল। ১৯৭৬, ১৯৭৭, ১৯৭৯, ১৯৯১ ও ১৯৯৬ সালের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, সে সময় জঙ্গিবাদের উত্থান নিয়ে বর্তমানের মতো প্রশ্ন ওঠেনি। বাংলাদেশের মানুষের মধ্যেও জঙ্গিবাদ নিয়ে এমন আলোচনা ছিল না বলে মন্তব্য করেন তিনি।

রিজভীর অভিযোগ, গত ১৭ বছরে রাজনৈতিক স্বার্থে এবং ক্ষমতা দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সমাজের ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হয়েছে। দেশীয় একটি শক্তি এবং তাদের আন্তর্জাতিক সমর্থকেরা এ প্রচেষ্টার সঙ্গে যুক্ত ছিল বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ছাত্রসমাজ ও তরুণদের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তনের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। সেই পরিবেশে জনগণ বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, এখন মানুষ গণতান্ত্রিক ও সহিষ্ণুতাপূর্ণ পরিবেশ দেখতে পাচ্ছে। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়, জাতিগোষ্ঠী ও নৃগোষ্ঠীর মানুষ নিরাপদে নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব উদযাপন করতে পারছেন।

রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এমন পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে। তাহলে জঙ্গিবাদ, উসকানি ও ষড়যন্ত্র নিয়ে যেসব কথা বলা হয়েছিল, সেগুলোর বাস্তবতা কোথায়—এমন প্রশ্নও তোলেন তিনি। তাঁর দাবি, ফ্যাসিবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে অতিরিক্ত প্রচার চালিয়ে মানুষের মধ্যে বিদ্বেষ ও বিভাজন সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। তবে মিথ্যাকে কখনো সত্য হিসেবে প্রতিষ্ঠা করা যায় না।

মিথ্যাচার ও অপপ্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ফেসবুক ও ইউটিউবে বাংলাদেশে দুর্গাপূজা দেখতে আসা ভারতীয় পর্যটকদের বক্তব্য ও অভিজ্ঞতা তুলে ধরা হচ্ছে। অনেকেই স্ত্রী-সন্তানসহ বাংলাদেশে এসেছেন। তাঁদের অনেকের আত্মীয়স্বজনও এ দেশে বসবাস করেন। সাংবাদিকদের নেওয়া সাক্ষাৎকারেও বাংলাদেশের পূজার পরিবেশ সম্পর্কে তাঁদের ইতিবাচক মন্তব্য উঠে এসেছে বলে উল্লেখ করেন তিনি।

বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি হাজার বছরের অসাম্প্রদায়িক ঐতিহ্য, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করেছে একটি গণবিরোধী চক্র। তাঁর দাবি, গত ১৬ থেকে ১৭ বছর ধরে এ ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বক্তব্যের শেষ পর্যায়ে রিজভী সবাইকে মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশের অসাম্প্রদায়িক ঐতিহ্য, ধর্মীয় সহাবস্থান এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement