দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব বিশ্বকাপ ফুটবল উপলক্ষে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। বিশ্বকাপ চলাকালে ক্লাবটির ফেসবুক পেজে বাংলাদেশের ফুটবল অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্বকে নিয়ে নিয়মিত ‘বিশ্বকাপ আড্ডা’ আয়োজন করা হবে। বুধবার ক্লাব প্রাঙ্গণে এ আয়োজনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “মোহামেডান আমার আবেগের জায়গা। এই ক্লাব থেকেই আমার ফুটবল ক্যারিয়ারের হাতেখড়ি। পরবর্তীতে ফরাশগঞ্জে খেলার সুযোগ পাই এবং সেখান থেকে জাতীয় দলে ডাক পাই। আমার ক্যারিয়ারের শুরুর দিকে মোহামেডানের অবদান অনেক বড়।”
বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ না করলেও দেশের মানুষের ফুটবলপ্রেম বিশ্বজুড়ে প্রশংসিত বলে উল্লেখ করেন তিনি। আমিনুল হক বলেন, “আমরা বিশ্বকাপ পর্যায়ে খেলি না, কিন্তু ফুটবলের প্রতি আমাদের ভালোবাসা এবং সমর্থকদের উন্মাদনা বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম।”
বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের উচ্ছ্বাসের উদাহরণ দিতে গিয়ে তিনি নিজের পরিবারের একটি মজার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।
তিনি বলেন, “গতকাল বাসায় ফেরার পথে আমার স্ত্রী বলছিল, এবার ব্রাজিলের কিছু হবে না। আমার মেয়েও আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলেই পরিবারে এমন মজার আলোচনা শুরু হয়।”
অনুষ্ঠানে মোহামেডান ক্লাবের সভাপতি বরকতউল্লাহ ভুলু, ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া, ক্লাবের পরিচালকবৃন্দ, স্থায়ী সদস্য এবং সাবেক তারকা ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সাবেক সচিব ইকবাল উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ক্লাব কর্তৃপক্ষ জানায়, তিনি গণপূর্ত সচিব থাকাকালে মোহামেডান ক্লাব মতিঝিলে বর্তমান স্থায়ী জায়গাটি বরাদ্দ পেয়েছিল।
জেবি/আরএন