ব্যাংক অ্যাকাউন্টে জমার ওপর আবগারি শুল্কের ছাড় আরও বাড়িয়ে ৪ লাখ টাকা পর্যন্ত করার প্রস্তাব আসছে। একই সঙ্গে একটি ঋণ হিসাবের বিপরীতে একাধিক অ্যাকাউন্ট থাকলেও একবারই শুল্ক কাটা হবে বলে প্রস্তাব করা হচ্ছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছেন।
প্রস্তাব অনুযায়ী, ব্যাংক অ্যাকাউন্টে ৪ লাখ টাকা পর্যন্ত স্থিতির ওপর কোনো আবগারি শুল্ক আরোপ করা হবে না। এর মাধ্যমে সাধারণ আমানতকারীদের কিছুটা স্বস্তি দেওয়ার লক্ষ্য রয়েছে।
এর আগে ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে এ সীমা ৩ লাখ টাকা করা হয়েছিল। তারও আগে ১ লাখ টাকা অতিক্রম করলেই আবগারি শুল্ক আরোপ করা হতো।
আমানতের ওপর বছরে একবার নির্ধারিত হারে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি ব্যাংকগুলো সরকারি কোষাগারে জমা করে। পাশাপাশি ঋণ হিসাব বা সংশ্লিষ্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়মে শুল্ক কেটে নেওয়া হয়।
নতুন প্রস্তাব অনুযায়ী, একটি ঋণ হিসাবের বিপরীতে একাধিক অ্যাকাউন্ট থাকলেও সেক্ষেত্রে একবারই শুল্ক আরোপ করা হবে, ফলে দ্বৈত শুল্ক কাটার বিষয়টি কমে আসবে।
আবগারি শুল্কের বাইরে আমানতে অর্জিত মুনাফার ওপর আলাদা কর নেয় সরকার। এক্ষেত্রে যাদের রিটার্ন জমার প্রমাণপত্র রয়েছে তাদের ১০ শতাংশ এবং যাদের নেই তাদের ১৫ শতাংশ হারে শুল্ক দিতে হয়। এর বাইরে ব্যাংকগুলো সার্ভিস চার্জসহ বিভিন্ন ধরনের ফি নিয়ে থাকে।
এসআর