ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্বকাপে ফিফার একগুচ্ছ কড়া নিয়ম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:০৯ পিএম আপডেট: ১০.০৬.২০২৬ ৮:১৬ পিএম
X
Advertisement

ফুটবলপ্রেমীদের উন্মাদনার পারদ চড়াতে চড়াতে দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। তবে এবারের বিশ্বকাপ কেবল দলগুলোর লড়াইয়ের জন্যই নয়, ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায় হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে। ম্যাচে গতি ফেরাতে, অনাকাঙ্ক্ষিত সময় নষ্ট রুখতে এবং বিতর্ক এড়াতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা এবার নিয়ে আসছে একগুচ্ছ নতুন ও চমকপ্রদ নিয়ম। এক নজরে দেখে নেওয়া যাক মাঠে কী কী বড় পরিবর্তন আসতে চলেছে:

১০ সেকেন্ডের ডেডলাইন ও ১ মিনিটের শাস্তি

ম্যাচের শেষ মুহূর্তে এগিয়ে থাকা দলগুলোর সময় নষ্ট করার চিরচেনা কৌশল এবার মুখ থুবড়ে পড়তে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়কে তুলে নেওয়ার সময় তাকে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে মাঠের বাইরে চলে যেতে হবে। যদি কোনো খেলোয়াড় এই সময়ের মধ্যে মাঠ না ছাড়েন, তবে শাস্তিস্বরূপ তার বদলে যিনি মাঠে নামবেন, তাকে সাইডলাইনে আরও ১ মিনিট অপেক্ষা করতে হবে। অর্থাৎ, ওই ১ মিনিট দলটিকে ১০ জন নিয়ে খেলতে হবে!

থ্রো-ইন ও গোলকিকের সময় বেঁধে দেওয়া

সময় অপচয় রোধে ফিফা এবার আরও কঠোর। থ্রো-ইন এবং গোলকিকের জন্য খেলোয়াড়রা সময় পাবেন মাত্র ৫ সেকেন্ড।

থ্রো-ইন: নির্ধারিত ৫ সেকেন্ডের বেশি সময় নিলে বলের দখল চলে যাবে প্রতিপক্ষ দলের কাছে, অর্থাৎ তারা থ্রো-ইন পাবে।

গোলকিক: গোলকিক নিতে ৫ সেকেন্ডের বেশি দেরি করলে রেফারি সরাসরি কার্ড দেখাতে পারবেন।

মাঠের বাইরে চোটের চিকিৎসা

খেলা চলাকালীন কোনো খেলোয়াড় চোট পেলে মাঠে শুয়ে সময় নষ্ট করার দিন শেষ। এখন থেকে কেবল গোলকিপার ছাড়া অন্য যেকোনো খেলোয়াড় আহত হলে, তাকে চিকিৎসার জন্য সরাসরি মাঠের বাইরে নিয়ে যাওয়া হবে। মাঠের ভেতরে খেলা সচল থাকবে, আর চিকিৎসাধীন খেলোয়াড় সুস্থ হয়ে রেফারির অনুমতি নিয়ে পুনরায় মাঠে ঢুকবেন।

ভার (VAR) প্রযুক্তির পরিধি বৃদ্ধি

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ‘ভার’ নিয়ে বিতর্কের অবসান ঘটাতে এর ক্ষমতা আরও বাড়ানো হচ্ছে।

দ্বিতীয় হলুদ কার্ড: আগে শুধু সরাসরি লাল কার্ডের ক্ষেত্রেই ভার হস্তক্ষেপ করতে পারত। কিন্তু দ্বিতীয় হলুদ কার্ডের (যা মূলত লাল কার্ডে রূপ নেয়) ক্ষেত্রে রেফারির ভুল সিদ্ধান্ত সংশোধনের কোনো সুযোগ ছিল না। এবার থেকে দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্তও যাচাই করবে ভার।

কর্নারের সিদ্ধান্ত: কোনো বল লাইনের বাইরে যাওয়ার পর সেটি কর্নার নাকি গোলকিক—তা নিয়ে বিভ্রান্তি তৈরি হলে এখন থেকে ভার-এর সাহায্য নেওয়া হবে।

গোলরক্ষকদের জন্য আট সেকেন্ডের কড়াকড়ি

নিয়ম অনুযায়ী গোলরক্ষকরা সর্বোচ্চ ৬ সেকেন্ড বল হাতে রাখতে পারেন এবং নিয়ম ভাঙলে ‘ইনডাইরেক্ট ফ্রিকিক’ দেওয়ার বিধান ছিল। তবে বিশ্ব ফুটবলের কোনো স্তরেই এই নিয়মটি তেমন কড়াকড়িভাবে মানা হতো না।

এবার নিয়মটি কিছুটা শিথিল করে সময় বাড়ানো হয়েছে ৮ সেকেন্ড। কিন্তু শাস্তির মাত্রা করা হয়েছে আরও কঠিন। কোনো গোলরক্ষক ৮ সেকেন্ডের বেশি বল হাতে ধরে রাখলে প্রতিপক্ষ দলকে পেনাল্টি বক্সের কাছে কর্নার বা থ্রো-ইন উপহার দেওয়া হবে।

পেনাল্টি কিকে ইচ্ছাকৃত ভুলের মাশুল

পেনাল্টি কিকের ক্ষেত্রেও আসছে বড় পরিবর্তন। আগে পেনাল্টি নেওয়ার সময় শটার দুবার বল টাচ (ডাবল টাচ) করলে কিকটি বাতিল করে পুনরায় নেওয়ার সুযোগ দেওয়া হতো। কিন্তু নতুন নিয়মে রেফারির ওপর বড় দায়িত্ব দেওয়া হয়েছে। রেফারি যদি মনে করেন খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে দুবার বল টাচ করেছেন, তবে গোল হলেও তা সরাসরি বাতিল করা হবে। অবশ্য বিষয়টি যদি অনিচ্ছাকৃত হয়, তবেই কেবল পুনরায় পেনাল্টি কিক নেওয়ার সুযোগ পাবেন খেলোয়াড়।

আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement