দেশের শিল্পখাতকে গতিশীল করতে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল কারখানাগুলো পুনরায় চালু এবং সেগুলোর কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
সভায় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বন্ধ শিল্পপ্রতিষ্ঠানের বর্তমান অবস্থা, উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর সম্ভাবনা, সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং ব্যবস্থাপনা কাঠামোর উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে লাভজনক ও কর্মসংস্থানমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বন্ধ কল কারখানাগুলোর বিদ্যমান সমস্যা, আর্থিক চ্যালেঞ্জ এবং পুনরুজ্জীবনের সম্ভাব্য কর্মপরিকল্পনা সভায় উপস্থাপন করেন।
সভায় শিল্পখাতের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর অবদান আরও জোরদার করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ধাপে ধাপে উৎপাদনে ফিরিয়ে আনার মাধ্যমে শিল্পায়নের গতি ত্বরান্বিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।
এমএ