পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমান দেশের পাহারাদার হিসেবে কাজ করবেন এবং সততাকে তিনি অত্যন্ত মূল্যায়ন করবেন। তিনি আরও বলেন, এখন থেকেই তিনি প্রত্যেকটি মন্ত্রণালয়, প্রত্যেকটি মন্ত্রীর কর্মকাণ্ড এবং প্রত্যেকটি বিভাগের কার্যক্রমে অত্যন্ত সক্রিয়। ডে ওয়ান থেকে শুরু করে এখন পর্যন্ত আমি দেখছি তার তীক্ষ্ণ বুদ্ধি, চিন্তাধারা এবং লক্ষ্য অর্জনের দক্ষতা। তিনি কিভাবে ১৮০ দিনের মধ্যে দ্রুততম সময়ে কাজগুলো সম্পন্ন করতে পারবেন, যা তার নির্বাচনী কমিটমেন্টে অন্তর্ভুক্ত ছিল।
শনিবার (২১ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরে টাউন হল মিলনায়তনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে লক্ষ্মীপুর প্রেস ক্লাব।
তিনি আরও বলেন, কিভাবে ফ্যামিলি কার্ড চালু করা যায়, কিভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা যায় — তিনি ৫ বছরের মধ্যে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা করেছেন। এছাড়া ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি আগামী ৫ বছরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা আছে। তিনি ইতিমধ্যে এসব বিষয়ে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। প্রতিটি বিভাগ ইতোমধ্যেই কাজ শুরু করেছে এবং আমরা যারা দায়িত্বশীল, আমরা আমাদের অবস্থান থেকে খুব সক্রিয় হয়ে আছি।
সুধী সমাবেশে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ. হ. ম. মোশতাকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুরের সাবেক সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, শিক্ষাবিদ ননী গোপাল, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি হোসাইন আহমেদ হেলাল।
আরএইচ/আরএন