ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্যিক সম্পর্ক রাখবে, তাদের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্পের এই ঘোষণা ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে দেশটির সরকারের ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে।
তাৎক্ষণিকভাবে শুল্ক কার্যকরের কথা জানালেও ‘ইরানের সঙ্গে ব্যবসা’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি তিনি।
চীন ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। এরপর যথাক্রমে রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত।
ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে সামরিকভাবে হস্তক্ষেপ করা হবে—গত কয়েক দিন ধরেই এমন হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। এর মধ্যেই তিনি শুল্ক আরোপের এই ঘোষণা দিলেন।
শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, “যে দেশ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ব্যবসা করছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সব ব্যবসার ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক দেবে। এই আদেশ চূড়ান্ত।”
মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ ট্রাম্পের এই নতুন ঘোষণা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। কোন দেশ এই শুল্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সেটিও স্পষ্ট করা হয়নি।
এদিকে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৫০০ বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর ৪৮ সদস্য নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
আরএন