ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রুশ হামলায় একদিনে ১৩২০ ইউক্রেনীয় সেনা নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৫:০৫ পিএম
X

ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর বিভিন্ন সামরিক অভিযানে প্রায় ১ হাজার ৩২০ জন ইউক্রেনীয় সেনাসদস্য নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শনিবার (৩০ মে) রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনীর বিভিন্ন যুদ্ধদলের অভিযানে এসব হতাহতের ঘটনা ঘটেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘উত্তর’ যুদ্ধদলের দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় ২০০ জন, ‘পশ্চিম’ যুদ্ধদলের অভিযানে ১৮০ জনের বেশি, ‘দক্ষিণ’ যুদ্ধদলের এলাকায় ৮৫ জনের বেশি, ‘কেন্দ্র’ যুদ্ধদলের এলাকায় ৩৪০ জনের বেশি, ‘পূর্ব’ দিকের অভিযানে ৪৫৫ জনের বেশি এবং ‘দনেপ্রো’ যুদ্ধদলের এলাকায় আরও প্রায় ৬০ জন ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত এক সপ্তাহে ইউক্রেনের বিরুদ্ধে ২ হাজার ৩০০টির বেশি ড্রোন হামলা, প্রায় ১ হাজার ৫৬০টি নির্দেশিত বোমা হামলা এবং ১০৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইউক্রেনইনফর্ম এ তথ্য প্রকাশ করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১০টি নির্দেশিত আকাশ বোমা, যুক্তরাষ্ট্রে নির্মিত একটি হাইমার্স বহুনল রকেট উৎক্ষেপণ ব্যবস্থার ক্ষেপণাস্ত্র এবং ৩৫২টি মানববিহীন আকাশযান ভূপাতিত করেছে।

মস্কোর দাবি, রাশিয়ার ভূখণ্ডে বেসামরিক স্থাপনার ওপর ইউক্রেনের কথিত ‘সন্ত্রাসী হামলার’ জবাবে রুশ বাহিনী দূরপাল্লার উচ্চ-নির্ভুলতাসম্পন্ন স্থল ও আকাশভিত্তিক অস্ত্র এবং আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের সামরিক বিমানঘাঁটি, জ্বালানি সরবরাহ ও পরিবহন অবকাঠামোর ওপর সমন্বিত হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, হামলার সব লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের খেরসন, ঝাপোরিঝিয়া, লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলের বিস্তীর্ণ এলাকা রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে ২০১৪ সালে রাশিয়া সামরিক অভিযান চালিয়ে ক্রিমিয়া দখল করে এবং পরবর্তীতে বিতর্কিত গণভোটের মাধ্যমে অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে।

যুদ্ধের হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে দুই পক্ষের মধ্যে ভিন্নমত রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৫০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, রুশ হামলায় এ পর্যন্ত প্রায় ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।


এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝