বলিভিয়ায় একটি সেনাব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুইজন নিহত ও ৫৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে লা পাজের দক্ষিণ-পশ্চিমে ভিয়াচা শহরের একটি সেনাঘাঁটিতে এ বিস্ফোরণ ঘটে। ওই ঘাঁটিতে আতশবাজি ও অন্যান্য পাইরোটেকনিক সামগ্রী মজুত ছিল। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে কর্তৃপক্ষ।
বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে যায় এবং বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ ছিটকে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেনাঘাঁটি থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।
বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী, পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। একই সঙ্গে নিখোঁজদের সন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
-টিএস