নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সরকারি সফরে সৌদি আরব গেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সফরকালে নৌবাহিনী প্রধান সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশনের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এসব সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে চলমান সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করবেন তারা।
সৌদি আরব অবস্থানকালে নৌবাহিনী প্রধান বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন করবেন। এছাড়া দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করবেন তিনি।
আইএসপিআর জানায়, নৌবাহিনী প্রধানের এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা এবং ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।
টিএস