ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হবে ব্যতিক্রমী ক্রিকেট বিশ্বকাপ!!
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:৫৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য প্রবাসী বাংলাদেশি। সংখ্যাটা ২ কোটির কম নয়। কেউ স্থায়ীভাবে, কেউ অস্থায়ীভাবে। বিশ্বের বিভিন্ন দেশের এই প্রবাসী বাংলদেশিদের একই ছাতার নিচে নিয়ে আসতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে অস্ট্রেলিয়া ভিত্তিক এবি মিডিয়া গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান।


প্রবাসী বাংলাদেশিদেরকে একই ছাতার নিচে নিয়ে আসতে তারা বেছে নিয়েছে ক্রিকেটকে। প্রাথমিকভাবে ৩০টি দেশের প্রবাসীদের নিয়ে গঠিত দল দিয়ে অনুষ্ঠিত হবে ব্যতিক্রমী এক ক্রিকেট বিশ্বকাপ। যার নাম দেওয়া হয়েছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭।


রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে এই আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপ- এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭-এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। কেক কেটে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের আনুষ্ঠানিক ঘোষণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি সানজিদা হক তুলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক রফিকুল ইসলাম বাবু, জাতীয় দলের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম, এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ এবং গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়াসহ অনেকে।


এই আয়োজনের প্রশংসা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ- প্রবাসীদের জন্য দারুণ এক আয়োজন। যারা আমাদের রেমিট্যান্স পাঠায়, তাদের জন্য এমন আয়োজন তাদেরকে দারুণভাবে উৎসাহিত করবে।’


তিনি আরও বলেন, ‘৩০টি দেশের ক্রিকেট ক্লাবকে সম্পৃক্ত করে এই টুর্নামেন্টের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করবে। খেলাধুলাকে কেন্দ্র করে স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব। এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও দেশের ক্রিকেটারদের মধ্যে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফুটবলে হামজা চৌধুরীরা যেমন বাংলাদেশ ফুটবলের ইমেজ সমৃদ্ধ করেছে। আমরা আশা করি, প্রবাসীদের মধ্যে কেউ জাতীয় ক্রিকেট দলে খেলবে এবং ইমেজ বাড়াবে।’


এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের ৫৪৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে মাঠ তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। একইসঙ্গে ৪৯৫টি উপজেলায় স্টেডিয়াম তৈরি করা হবে।


এবি মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশের বিশাল যুবসমাজকে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করতে হবে। প্রবাসে প্রতিষ্ঠিত বাংলাদেশিদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। এর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা যাবে।’

এ সময় তিনি আরও জানান, টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়া ও ফাইনাল ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ফাইনালে গালা নাইটে বলিউড তারকা শাহরুখ খান অংশ নেবেন বলেও জানান তিনি।


এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ জানান, অনেক পরিশ্রমের পর আজকের এই দিনটি এসেছে। বর্তমান সরকার অনেক বেশি ক্রীড়াবান্ধব। ক্রিকেট বোর্ড সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া তিনি বিসিবিকে ধন্যবাদ দেন। ভালোভাবে টুনামেন্ট শেষ করতে আইসিসি ইভেন্ট ম্যানেজারের সাথে আয়োজকদের নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। ভালোমানের ব্রডকাস্টিং নিশ্চিতে ওটিটি প্লাটফর্ম চালু করা হচ্ছে বলেও জানান তিনি।


অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, ‘বাংলাদেশিদের কাছে ক্রিকেট শুধু একটি খেলা নয়; এটি আবেগ, ভালোবাসা ও ঐক্যের শক্তিশালী বন্ধন। ক্রিকেটের মাধ্যমে হাজার মাইল দূরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের একত্রিত করা এবং তাদের মধ্যে দেশীয় পরিচয়, গর্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা সম্ভব।’


বাংলাদেশের ওয়ানডের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি বলেন, ‘৩০টি দেশকে সম্পৃক্ত করে এমন একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। টুর্নামেন্টটি ধারাবাহিকভাবে আয়োজনের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে সংশ্লিষ্টরা একসঙ্গে কাজ করতে পারলে এটি একটি ভালো উদ্যোগ হিসেবে ভূমিকা রাখবে।’


সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম বলেন, ‘৩০টি দেশকে নিয়ে এমন একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রিকেট সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে।’


সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, ‘প্রবাসীদের রেমিট্যান্সের ওপর আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে। জুলাই আন্দোলনেও আমরা তাদের অবদান দেখেছি। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমরা এই আয়োজনের সাথে অবশ্যই থাকবো।’


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য জান্নাতুল সুমনা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রফিকুল ইসলাম বাবু, এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের উপদেষ্টা আফজাল হোসেন, বেলাল উদ্দিন তুহিন, ক্রিড়া সংগঠক মাসুম ভুঁইয়া, ক্রীড়াবীদ শরিফুল হক শিপন, আন্তর্জাতিক ক্রীড়া সংগঠক রিমন ইসলাম, পিটুপি গ্রুপের চেয়ারম্যান এস এম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিনসহ অনেকে।


অনুষ্ঠানের জানানো হয়, আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের পরিকল্পনা, প্রবাসী কমিউনিটির অংশগ্রহণ এবং ক্রিকেটের মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের মধ্যে সংযোগ ও সাংস্কৃতিক বন্ধন জোরদারের ভাবনা তুলে ধরা হবে। আয়োজকদের লক্ষ্য, ক্রিকেটকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী জনগোষ্ঠীকে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যুক্ত করা।


প্রথমবারের মতো আয়োজনে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, চীন,মালয়েশিয়া, ওমান, কানাডা, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, ইতালি, সৌদি আরব, কুয়েত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, স্কটল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, মালদ্বীপ, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জাপান ও বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরসহ বিশ্বের ৩০টি দেশের ক্লাব প্রথম বারের মতো অনুষ্ঠিত এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭ এ অংশ নেবে। এই টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হবে ১২টি দেশে।


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement