ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা শিবিরের এক নেতাকে ছাত্রদলের এক কর্মীর থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত দুইজন আহত হয়েছেন।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের করিডোরে আরবি ভাষা ও সাহিত্যিক বিভাগের শিক্ষার্থী ছাত্রদল কর্মী আলিনুর রহমান দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জিয়াউর রহমান হল শাখা শিবিরের সেক্রেটারি কাজী জুবায়েরকে থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।
পরে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা ক্যাম্পাস জুড়ে শিবির এবং ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয় স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মীরা। সেখানে শুরু হয় সংঘর্ষের ঘটনা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আমরা এই ঘটনা শুনতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করি। পরে পুলিশের সহযোগিতায় পরিস্থিতি শান্ত হয়।
টিআইএস