ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সোনারগাঁওয়ে কিশোরীকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:৪০ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় ১৩ বছর বয়সী আফরিন আক্তার নামে এক কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কান্দাপাড়া গ্রামের জাকির হোসেন ও তাঁর স্ত্রী সোনিয়া আক্তার। এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী কিশোরীর মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা করেন। বুধবার গ্রেপ্তার ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানোর কথা রয়েছে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর রোববার দুপুরে অভিযুক্ত সোনিয়া আক্তার কিশোরীর শরীরে গরম পানি ঢেলে দেন বলে অভিযোগ রয়েছে। দগ্ধ কিশোরীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রায় এক মাস চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের রওশন আরার সঙ্গে তাঁর ছোট ভাই জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে জাকির হোসেনের স্ত্রী সোনিয়া আক্তার বিভিন্ন সময় ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর রোববার দুপুর দুইটার দিকে রওশন আরা ও তাঁর পরিবারের সদস্যরা মেয়ে আফরিন আক্তারকে বাড়িতে রেখে বাইরে যান। বাড়ি ফাঁকা থাকার সুযোগে সোনিয়া আক্তার কৌশলে রওশন আরার ঘরে প্রবেশ করেন। এ সময় ঘুমন্ত আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেন তিনি। এতে কিশোরীর কোমরসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী পরিবার স্থানীয়ভাবে বিচারের দাবি জানায়। কয়েক দফা সালিসি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এ ঘটনায় গত সোমবার সকালে আফরিনের মা রওশন আরা চারজনকে আসামি করে সোনারগাঁও থানায় অভিযোগ করেন। পরে  মঙ্গলবার দুপুরে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। এরপর কান্দাপাড়া গ্রামে অভিযান চালিয়ে রহমত আলীর ছেলে জাকির হোসেন ও তাঁর স্ত্রী সোনিয়া আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগী কিশোরীর মা রওশন আরা জানান, তাঁর ভাই জাকির হোসেন ও তাঁর স্ত্রীর সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জেরে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। এ ছাড়া একটি মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে তাঁর মেয়েকে দোষারোপ করা হয়। এ নিয়ে তাঁদের মধ্যে তর্কবিতর্ক হয়। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর ভাইয়ের স্ত্রী সোনিয়া আক্তার ঘুমন্ত অবস্থায় মেয়ের শরীরে গরম পানি ঢেলে দেন। এতে তাঁর মেয়ের শরীর ঝলসে যায়।

রওশন আরা আরও জানান, মেয়ের চিকিৎসা শেষে বাড়িতে ফিরিয়ে আনার পর গ্রামে সালিস ডাকা হয়। সেখানে কোনো সমাধান না হওয়ায় তিনি থানায় মামলা করেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, কিশোরীকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হবে। ঘটনাটি এক মাস আগের হলেও পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ থাকায় বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল। মীমাংসা না হওয়ায় ভুক্তভোগী পরিবার মামলা করেছে।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement