দিনাজপুরের নবাবগঞ্জে মূল্যতালিকা না রাখা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার ডাকবাংলা মোড়, নিউ মার্কেট ও মহিলা কলেজ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উদ্দিন।
অভিযানকালে জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে দোকানপাট নির্মাণের মাধ্যমে ভোগান্তি সৃষ্টি, মূল্যতালিকা না রাখা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে মূল্যতালিকা না রাখায় একটি বেকারিকে ১ হাজার টাকা এবং তিনটি মুদি দোকানকে মোট ২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একটি ওষুধের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উদ্দিন বলেন, “চলাচলের রাস্তা দখল করে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি, মুদি দোকানে মূল্যতালিকা না রাখা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে জরিমানা করা হয়েছে। এ ধরনের অনিয়ম প্রতিরোধ ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এসএম/আরএন