সিরাজগঞ্জের শাহজাদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে উদ্ধার করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার যমুনা নদীর সোনাতুনী, জামিরতা, কৈজুরী, জালালপুর ও ধীতপুরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় সোয়া লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে যমুনা নদীর দুর্গম এলাকাগুলোতে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
অভিযানে উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী শিরিন আক্তার, মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরও জানান, মা ইলিশ সংরক্ষণ এবং নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসবি/আরএন