জয়পুরহাটে পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে জেলার পাঁচবিবি ও জয়পুরহাট সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের থিয়ট গ্রামের মো. হারুন শেখের স্ত্রী জাহানারা বেগম (৩০) এবং পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের মৃত পুরা মফিজের ছেলে সামছুদ্দিন (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার দোগাছি ইউনিয়নের থিয়ট বিলপাড়া এলাকায় জমিতে ধানের নাড়া সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আক্রান্ত হন জাহানারা বেগম। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুর্গাদহ বাজার এলাকায় পৌঁছালে তিনি মারা যান।
অন্যদিকে, একই দিনে পাঁচবিবি উপজেলায় পৃথক আরেকটি বজ্রপাতের ঘটনায় কৃষক সামছুদ্দিনের মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুই উপজেলায় পৃথক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসআইএস/এসআর