বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আবারও আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয়দের খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত থেকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর পিলারের ৪৭ ও ৪৮ নম্বর সাব-পিলারের কাছে শূন্যরেখার কাছেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ সদস্যরা। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বুধবারও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্যরেখার কাছে কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালিয়ে যায় বিএসএফ। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকে সীমান্ত এলাকায় এমন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ বেড়েছে।
বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও জয়পুরহাট-২০ বিজিবির ক্যাম্প কমান্ডার সাত্তার হোসেন বেড়া দেওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া যাবে না।
এসআই/আরএন