রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছেন অঙ্গীভূত আনসার সদস্যরা।
সোমবার (১৫ জুন) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে হাসপাতালের নিচতলার বহির্বিভাগ এলাকায় নিয়মিত টহলরত আনসার সদস্যরা প্রায় ৪ বছর বয়সী এক শিশুকে একা কান্নাকাটি করতে দেখেন। পরে তারা শিশুটিকে সান্ত্বনা দিয়ে পরিচয় জানার চেষ্টা করেন।
শিশুটি নিজের নাম ইব্রাহিম এবং মায়ের সঙ্গে হাসপাতালে এসেছে বলে জানায়। তবে বয়স কম হওয়ায় ঠিকানা বা অভিভাবকের বিস্তারিত তথ্য জানাতে পারেনি।
পরিস্থিতি বিবেচনায় টহল দলের ইনচার্জ পিসি মোহাম্মদ আবু সাইদের নেতৃত্বে আনসার সদস্য মো. মাহফুজ ও মো. আল আমিন হাসপাতালজুড়ে অনুসন্ধান শুরু করেন। এক পর্যায়ে হাসপাতালের ৫ম তলায় শিশুটির মা মোছা. শাহিদা বেগমকে খুঁজে পাওয়া যায়। তিনি এ সময় সন্তানকে হারিয়ে উদ্বিগ্ন অবস্থায় ছিলেন।
পরে শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হলে মা ও সন্তানের মধ্যে আবেগঘন পুনর্মিলন ঘটে। দীর্ঘক্ষণ পর সন্তানকে ফিরে পেয়ে মা কান্নায় ভেঙে পড়েন।
পরবর্তীতে পরিচয় ও অভিভাবকত্ব যাচাই-বাছাই শেষে শিশুটিকে নিরাপদে তার মায়ের নিকট হস্তান্তর করা হয়।
সন্তান ফিরে পেয়ে মোছা. শাহিদা বেগম আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারত।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা শুধু নিরাপত্তা দায়িত্বই নয়, মানবিক সহায়তা ও জনসেবামূলক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে—এ ঘটনাটি তারই একটি উদাহরণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এমআর/এসআর